ঢাকা

উত্তরাঞ্চলের শিক্ষা-অর্থনীতিতে নতুন দিগন্ত, অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় নিয়ে আশাবাদ ত্রাণমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ–এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদ্‌যাপিত হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার হাঁড়িভাঙ্গা ক্যাম্পাসে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট–৩ আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন এবং স্বল্প সময়ে বিশ্ববিদ্যালয়টির অর্জন ও অগ্রগতির প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে লালমনিরহাটসহ বৃহত্তর রংপুর অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যবসায় ও আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই খাতকে এগিয়ে নিতে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়টির ভূমিকা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষকদের প্রতি তিনি জ্ঞানচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস–বিষয়ক ‘স্পেস অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য, অভিনয়, মূকাভিনয় ও ব্যতিক্রমধর্মী ‘ফান খবর’ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে কৃতী শিক্ষার্থীদের শিক্ষা অনুদান প্রদান করা হয়, যা উপস্থিতদের মধ্যে উৎসাহের সঞ্চার করে।

উল্লেখ্য, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে সীমিত পরিসরে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০২২ সালের ৩ জুলাই লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাঁড়িভাঙ্গা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে স্নাতক পর্যায়ের একাডেমিক কার্যক্রম চালু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে চারটি অনুষদের অধীনে চারটি স্নাতক এবং পাঁচটি স্নাতকোত্তর কোর্সে শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে এবং অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স