ঢাকা

পাঁচ বছর পর নতুন সিরিজ নিয়ে ফিরলেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


দীর্ঘ বিরতির পর নতুন নির্মাণ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। তাঁর নির্মিত মিনি সিরিজ ‘অ্যানি’ আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেয়েছে। ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ সিরিজভিত্তিক আয়োজন সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে সিরিজটি। আগামী ৯ জুন জার্মানির কোলনে এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি।

সিরিজটির প্রযোজকদের ভাষ্য, আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সিরিজ নির্মাণ নতুন সম্ভাবনার মুখ দেখবে। তাঁদের মতে, শুধু চলচ্চিত্র নয়, মানসম্মত সিরিজও এখন বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে।

ডিস্টোপিয়ান আবহে নির্মিত ‘অ্যানি’ এক নারীর সংগ্রাম, সহিংসতা ও প্রতিশোধের গল্প। ছোট শহরের এক নার্স অ্যানি পরিবারকে টিকিয়ে রাখতে যুদ্ধ করে চলেন। এমন সময় রহস্যময় এক রোগ ছড়িয়ে পড়ে, যার প্রভাবে আক্রান্ত পুরুষেরা নারীদের প্রতি চরম বিদ্বেষী হয়ে ওঠে। এই অস্থির পরিস্থিতির মধ্যেই ভয়াবহ এক ঘটনার শিকার হন অ্যানি, যা তাঁর জীবন পুরোপুরি বদলে দেয়। এরপর নিজের ভেতরের ক্ষোভ আর চারপাশের নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হতে থাকে সে।

নির্মাতা সাদের আগের কাজগুলোর মতো এবারও গল্পে উঠে এসেছে নারী-পুরুষ সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বৈষম্য ও সহিংসতার বিষয়। সিরিজটিকে নির্মাণশৈলীর দিক থেকে ‘চেম্বার ড্রামা’ ঘরানার বলা হচ্ছে।

সিরিজে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন ও ফারহানা মিঠুসহ আরও অনেকে। সামাজিক মাধ্যমে ইয়াশ রোহান জানিয়েছেন, ‘অ্যানি’ তাঁর অভিনয়জীবনের সবচেয়ে গভীর অভিজ্ঞতাগুলোর একটি, যা তাঁকে ব্যক্তি হিসেবেও বদলে দিয়েছে।

এর আগে ‘লাইভ ফ্রম ঢাকা’‘রেহানা মরিয়ম নূর’ নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসা কুড়িয়েছিলেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। বিশেষ করে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তাঁর কাজ ব্যাপক আলোচনায় আসে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স