ঢাকা

মেয়ের চিকিৎসায় সহায়তার আবেদন কায়সার হামিদের, সংকটাপন্ন কারিনা লাইফ সাপোর্টে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও তরুণ কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে, তবে ব্যয় বহন করা নিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছে পরিবার। এ অবস্থায় সরকার ও দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ।

কারিনাকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কায়সার হামিদ। তিনি জানান, মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা চলছে। এমনকি জমি বিক্রির কথাও ভাবতে হচ্ছে তাঁদের।

তিনি বলেন, মেয়েকে সুস্থ করে তুলতে এখন সব ধরনের সহায়তা প্রয়োজন। সরকার কিংবা সমাজের বিত্তবান মানুষ কেউ এগিয়ে এলে চিকিৎসার পথ সহজ হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, লিভারজনিত জটিলতায় গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন কারিনা। চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার রাতে তাঁর অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পরিবার সূত্রে জানা যায়, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকেরা শরীরে সংক্রমণের বিষয়টি শনাক্ত করেন। পাশাপাশি তিনি হেপাটাইটিস-এ ভাইরাসেও আক্রান্ত হন। পরে পরিস্থিতি জটিল হয়ে লিভার ফেইলিউরের দিকে চলে যায়।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য রচনাতেও নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন কারিনা কায়সার। তাঁর কাজের তালিকায় রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এর মতো প্রজেক্ট। সামাজিক মাধ্যমেও তরুণদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স