ঢাকা

মাইক্রো ড্রামা সিরিজ গেমিং–পাগল এক তরুণীর গল্প নিয়ে আসছে ‘সিলভার সাদিয়া’

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ডিজিটাল বিনোদনের নতুন ধারায় যুক্ত হলো আরেকটি মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’। আগামী ১৪ মে থেকে এটি প্রকাশিত হবে সিনেমাওয়ালার ফেসবুক পেজে। সিরিজটি ঘিরে গতকাল ঢাকার একটি ক্লাবে আয়োজন করা হয় বিশেষ ভার্টিক্যাল স্ক্রিনিং অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজক ও আমন্ত্রিত অতিথিরা। একই অনুষ্ঠানে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার।

মায়ের দোয়া স্টুডিওস প্রযোজিত সিরিজটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন। অভিনয়ে রয়েছেন সাদিয়া আয়মান, অ্যালেন শুভ্র, ফারজানা ছবি ও কামরুজ্জামান তপু। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইকে।

১৫ পর্বের এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য প্রায় তিন মিনিট। নির্মাতা মিরাজ হোসেনের ভাষ্য, বর্তমান দর্শকের দ্রুত কনটেন্ট দেখার অভ্যাসকে মাথায় রেখেই এমন ফরম্যাটে গল্প বলার চেষ্টা করা হয়েছে। তিনি মনে করেন, এটি বাংলাদেশের বিনোদন অঙ্গনে সময়োপযোগী ও সাহসী একটি উদ্যোগ।

‘সিলভার সাদিয়া’র গল্প আবর্তিত হয়েছে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এক মাদ্রাসাছাত্রীর জীবনকে ঘিরে। বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে সে গেমিংয়ের প্রতি প্রবল আগ্রহ লালন করে। মায়ের নীরব সমর্থনে একসময় ইউটিউবে লাইভস্ট্রিম শুরু করে এবং ধীরে ধীরে নিজের দর্শক তৈরি করতে থাকে। তবে তার এই গোপন পরিচয় পরিবারের অন্য সদস্যদের সামনে প্রকাশ পাওয়ার পর শুরু হয় টানাপোড়েন।

সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া আয়মান। তিনি বলেন, ছোট ছোট পর্বে গল্প বলার অভিজ্ঞতা তাঁর জন্য একেবারেই নতুন। এমন ভিন্নধর্মী প্রজেক্টে কাজ করতে পেরে তিনি আনন্দিত।

প্রযোজক নাজিম ফারহান চৌধুরী বলেন, সময়ের সঙ্গে গল্প বলার ধরন বদলাচ্ছে। দর্শকের হাতের মুঠোয় বিনোদন পৌঁছে দিতে ভার্টিক্যাল স্টোরিটেলিং এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই সিরিজের মাধ্যমে নতুন এক সম্ভাবনার দরজা খুলতে চান তাঁরা।

সহপ্রযোজক ও সিরিজটির ক্রিয়েটর পুলক অনিল জানান, নতুন এই ফরম্যাট নিয়ে কাজ করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে সেসব বাধা পেরিয়ে তাঁরা নতুন ধারার কনটেন্ট নির্মাণে আত্মবিশ্বাসী।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স