ঢাকা

উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে কারিনা কায়সার সঙ্গে যেতে পারেননি বাবা কায়সার হামিদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। সোমবার রাত ১১টার দিকে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

কারিনার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছেন তাঁর মা ও দুই ভাই। তবে আর্থিক জটিলতার কারণে আপাতত দেশে থেকেই চিকিৎসা ব্যয়ের ব্যবস্থা করতে হচ্ছে তাঁর বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদকে।

এর আগে দুপুরে কায়সার হামিদ জানিয়েছিলেন, চেন্নাই থেকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স আসার প্রস্তুতি চলছে এবং পরিবারের সদস্যরা ভারতের ভিসাও হাতে পেয়েছেন। তবে চিকিৎসা, হাসপাতাল ব্যয় ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে পরিবারকে বড় ধরনের আর্থিক চাপে পড়তে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, চিকিৎসার ব্যয় সামলাতে পরিবারের কিছু স্থায়ী আমানত ভাঙতে হচ্ছে। পাশাপাশি জমি বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে।

গত শুক্রবার রাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা। পরিবারের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে দ্রুত জটিলতা বাড়তে থাকে।

হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা জানান, তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং তিনি হেপাটাইটিস এ–তে আক্রান্ত হয়েছেন। আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একপর্যায়ে লিভার ফেইলিউর দেখা দিলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কারিনার বর্তমান অবস্থা সম্পর্কে কায়সার হামিদ জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন না হলেও রক্তচাপ এখন নিয়ন্ত্রণে আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও ব্যস্ত ছিলেন। ওটিটি প্ল্যাটফর্ম ও নাট্যজগতে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকির ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’সহ বিভিন্ন নাটক ও ডিজিটাল কনটেন্ট। সহকর্মীদের কাছে তিনি ছিলেন পরিশ্রমী ও প্রাণবন্ত একজন শিল্পী। তাঁর অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ও শুভকামনা জানিয়েছেন ভক্ত ও সহশিল্পীরা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স