রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে নৃশংসভাবে হত্যা ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
শুক্রবার রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। পল্লবীতে নিহত শিশুর প্রতি শ্রদ্ধা জানানো এবং দেশজুড়ে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সমাবেশের আয়োজন করে সিপিবির ঢাকা মহানগর উত্তর শাখা।
সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দন। তিনি বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সামাজিক অবক্ষয় এবং আইনের দুর্বল প্রয়োগের সুযোগ নিয়ে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাজ্জাদ জহির চন্দন বলেন, “পল্লবীতে নৃশংসতার শিকার শিশুটির পরিবারের হতাশা ও ক্ষোভ বর্তমান বাস্তবতারই প্রতিফলন। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
সমাবেশে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, “আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনাই তার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। যে নরপিশাচ এ কাজ করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
তিনি আরও বলেন, সমাজে এমন এক ধরনের অপশক্তি গড়ে উঠেছে, যারা নারীকে মানুষ হিসেবে না দেখে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করে। এই মানসিকতার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক সংগ্রাম জোরদার না করলে এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
রুহিন হোসেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি সত্যিই এ সমস্যার স্থায়ী সমাধান চাওয়া হয়, তাহলে সরকারকে আজই ঘোষণা দিতে হবে যে রাজধানী ঢাকাসহ পুরো দেশ শিশু ও নারীদের জন্য নিরাপদ করা হবে। একই সঙ্গে সেই ঘোষণা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান। সমাবেশ সঞ্চালনা করেন সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর, সাবেক সভাপতি সাজেদুল হক, সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার এবং নারী শাখার সদস্য মনোয়ারা বেগম।
সমাবেশ থেকে বক্তারা বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা প্রতিনিয়ত বাড়লেও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও দায়মুক্তির সংস্কৃতির কারণে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তাঁরা অবিলম্বে কঠোর আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।