ঢাকা

কুমিল্লায় নামাজরত অবস্থায় মসজিদে হামলা-ভাঙচুর, আহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সংগৃহীত সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে একটি মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে মসজিদের সেক্রেটারিসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড ফতেহাবাদ দক্ষিণ পাড়া বায়তুল আক্সা জামে মসজিদে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মসজিদের সেক্রেটারি মো. ইব্রাহীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য আহতরা— ইসমাইল (৩৫), কামরুল (১৯) ও কাওসার (২৮)— বর্তমানে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এক মাস আগে ক্রিকেট খেলা নিয়ে পার্শ্ববর্তী নয়াকান্দি ও ফতেহাবাদ দক্ষিণপাড়া গ্রামের ছেলেদের মধ্যে সংঘর্ষ হয়। শুক্রবার বিকালে সেই ঘটনার জেরে নয়াকান্দি গ্রামের এক যুবককে মারধর করা হয়।

পরে রাত ৮টার দিকে নয়াকান্দি গ্রামের একদল যুবক ফতেহাবাদ গ্রামের কামরুলকে রাস্তায় পেয়ে মারধর করে। প্রাণভয়ে কামরুলের সঙ্গে থাকা অন্যরা দৌড়ে মসজিদের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা তাদের খুঁজতে মসজিদে প্রবেশ করে। এ সময় তারা নামাজরত মুসল্লিদের মারধর ও মসজিদে ভাঙচুর চালায়।

মসজিদের ইমাম মাওলানা আবদুল আউয়াল জানান, "হঠাৎ ১০-১২ জন যুবক হাতে রড, হকিস্টিক ও পাইপ নিয়ে মসজিদে ঢুকে দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে। বাধা দিতে গেলে সেক্রেটারি ইব্রাহীমকে গুরুতর আহত করা হয়। পরে আমি মসজিদের মাইকে ঘোষণা দিলে তারা পালিয়ে যায়।"

আহত কামরুলের চাচাতো ভাই শাফাতুল ইসলাম রাব্বি বলেন, "আমরা নামাজ পড়তে যাচ্ছিলাম, তখন নয়াকান্দি গ্রামের কয়েকজন যুবক আমাদের আটকিয়ে মারধর করে। আমরা দৌড়ে মসজিদে আশ্রয় নেই, কিন্তু তারা আমাদের খুঁজতে এসে মসজিদে হামলা চালায়।"


মসজিদের সভাপতি সাবেক কমিশনার আবুল কাশেম জানান, "আমরা নামাজরত অবস্থায় হঠাৎ হামলার শিকার হই। পরে জানতে পারি, পুরোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।"

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম বলেন, "ক্রিকেট খেলা নিয়ে পুরনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পক্ষের ছেলেরা মসজিদে ঢুকে ভাঙচুর চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স