ঢাকা

ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির প্রস্তাব ব্যবসায়ীদের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন খরচ বৃদ্ধির দোহাই দিয়ে পবিত্র রমজানকে সামনে রেখে লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন ভোজ্যতেল ব্যবসায়ীরা। তবে এ বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও পরিবহন খরচ বাড়ার যুক্তি দেখিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব তুলে ধরা হয়। 


বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নিত্যপণ্যের আমদানি প্রস্তুতি, সরবরাহ ও বাজারদর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ব্যবসায়ীরা জানান, বিশ্ববাজারে ভোজ্যতেল ও ছোলার দাম কিছুটা ঊর্ধ্বমুখী। এর মধ্যে খেজুর আমদানিতে প্রায় ৫৫ শতাংশ শুল্ক ও কর পরিশোধ করতে হয়। উচ্চ শুল্কায়নমূল্য এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে খরচ বেড়ে যাওয়ায় খেজুরের মান ও দামের ভিন্নতা বিবেচনা করে নমনীয় করব্যবস্থা চালুর দাবি জানান আমদানিকারকেরা। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি অর্থবছরে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। রমজানে এসব পণ্যের চাহিদা সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণ হওয়ায় পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সময়মতো পণ্য আমদানির তাগিদ দিয়েছে সরকার।

 বৈঠকে ডাল ব্যবসায়ীরা জানান, দেশের ছোলার চাহিদা সম্পূর্ণ এবং মসুর ডালের চাহিদার ৮০ শতাংশই আমদানিনির্ভর। তবে বড় ব্যবসায়ীদের প্রভাবে ছোট ও সাধারণ ডাল মিলগুলো ব্যবসা পরিচালনায় সংকটে পড়ছে। রমজানে ডালের বাজার স্থিতিশীল রাখতে এসব মিল সুরক্ষার তাগিদ দেওয়া হয়।

অন্যদিকে, পোল্ট্রি খাতের প্রতিনিধিরা জানান, বর্তমানে ডিম ও মুরগির উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। খামার পর্যায়ে ডিমের দাম কমে প্রতি পিস ১০ টাকার নিচে নেমে এসেছে, যা উৎপাদন খরচের কাছাকাছি। বড় কোনো রোগবালাই না থাকায় রমজানে ডিম ও মুরগির বাজারে বড় কোনো ঘাটতির আশঙ্কা নেই।

ট্যারিফ কমিশনের পর্যালোচনায় জানানো হয়, বর্তমানে ছোলা ও মসুর ডাল আমদানিতে কোনো শুল্ক নেই। তবে চিনি ও ফল আমদানির শুল্ক কাঠামো যৌক্তিকভাবে সমন্বয় করা গেলে রমজানে পণ্যের বাজারদর আরও সহনীয় রাখা সম্ভব হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স