ঢাকা

প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন আদনান আল রাজীব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন ও নাটক নির্মাণে সাফল্যের স্বাক্ষর রেখে আসা নির্মাতা আদনান আল রাজীব এবার পা রাখতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জগতে। প্রেমকাহিনিনির্ভর একটি সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।

শুক্রবার নিজের ফেসবুক পোস্টে রাজীব জানান, ক্যারিয়ারের শুরুর দিকে নির্মিত ‘কাছে আসার গল্প’ তাঁর অন্যতম জনপ্রিয় কাজ ছিল। সেই কাজের সাফল্যই একসময় তাঁকে বড় পর্দার জন্য একটি প্রেমের গল্প নির্মাণের স্বপ্ন দেখায়। বছরের পর বছর নানা ধরনের গল্প ও চরিত্র নিয়ে কাজ করলেও নিজের মনের মতো প্রেমের গল্পের খোঁজ তিনি ছাড়েননি।

পোস্টে তিনি বলেন, একটি গল্পের সঙ্গে নির্মাতার সম্পর্ক অনেকটা ভালোবাসার মানুষের মতো। কোনো গল্প সহজে ধরা দেয়, আবার কোনো গল্প দীর্ঘ সময় অপেক্ষা করায়। তাঁর কাঙ্ক্ষিত গল্পটিও তেমনই ছিল। বারবার লিখেছেন, পরিবর্তন করেছেন, নতুন করে সাজিয়েছেন। কখনো মনে হয়েছে গল্পটি সম্পূর্ণ হয়েছে, আবার পরে উপলব্ধি করেছেন আরও কাজ বাকি।

অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে বলে জানান রাজীব। তাঁর ভাষায়, বহুদিনের অনুসন্ধানের পর গল্পটি এখন স্পষ্ট রূপ পেয়েছে। আর সেই গল্প নিয়েই তিনি নির্মাণ করতে যাচ্ছেন জীবনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

উল্লেখ্য, গত বছর আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য বিশেষ সাফল্য বয়ে আনে। চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্থান পাওয়ার পাশাপাশি বিশেষ স্বীকৃতিও অর্জন করে। পরবর্তীতে আরও কয়েকটি আন্তর্জাতিক উৎসবেও এটি পুরস্কৃত হয়।

নতুন সিনেমার ঘোষণা দিয়ে রাজীব জানিয়েছেন, খুব শিগগিরই দর্শকদের সঙ্গে বড় পর্দায় দেখা হবে তাঁর।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স