ঢাকা

চকবাজারে ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো মার্কেটের আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন দীর্ঘ ১২ ঘণ্টার অভিযানে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর কাজে সংস্থাটির মোট ১০টি ইউনিট অংশ নেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সোমবার (গতকাল) বিকেল ৫টা ৪ মিনিটে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়। পরে মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মী শিহাব সরকার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মার্কেটের সরু গলি, ঘন ধোঁয়া এবং পানির সীমিত সরবরাহের কারণে আগুন নেভানোর কাজ বেশ কঠিন হয়ে পড়ে। এসব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দীর্ঘ সময় ধরে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম চালাতে হয় কর্মীদের।

এর আগে সোমবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন ছড়িয়ে পড়ে। ওই তলায় বিভিন্ন ধরনের পণ্য সংরক্ষণের গুদাম রয়েছে। গুদামগুলো তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছিল।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিমের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পরে ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টিতে উন্নীত করা হয়।

এদিকে, সোমবার রাত ১২টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি জানান, ভবনটিতে প্রসাধনী, ওষুধসহ নানা ধরনের পণ্যের গুদাম রয়েছে। এসব গুদামের একটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তখনও জানা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স