ঢাকা

নেইমারকে নিয়ে লুলার খোঁচা, ‘ঘরে বসেই বিশ্বকাপ খেলছেন’

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


চোটের কারণে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে রসিকতা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। বিশ্বকাপ চলাকালে দলের সঙ্গে থাকলেও মাঠে নামতে না পারায় তাঁকে ‘হোম অফিস করা ফুটবলার’ বলে মন্তব্য করেন তিনি।

বেলো হরিজন্তেতে স্বাস্থ্য খাতে বিনিয়োগসংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুলা। সেখানে এক শিশুর সঙ্গে কথোপকথনের সময় বিষয়টি সামনে আসে। প্রেসিডেন্ট শিশুটির কাছে জানতে চান, বর্তমান ব্রাজিল দলে সবচেয়ে ভালো খেলোয়াড় কে। উত্তরে শিশুটি নেইমারের নাম বললে হাস্যরসের সুরে মন্তব্য করেন লুলা।

তিনি বলেন, নেইমার এখন খেলছেন না, বরং দূর থেকে দলের অংশ হয়ে আছেন। এমনকি মজা করে তাঁকে বিশ্বের প্রথম ‘হোম অফিস ফুটবলার’ বলেও আখ্যা দেন। একই সঙ্গে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দল গঠনের প্রসঙ্গ টেনে তিনি রসিকতা করেন যে একদিন হয়তো প্রযুক্তিই মাঠের তারকাদের জায়গা নেবে।

লুলা ও নেইমারের রাজনৈতিক অবস্থান দীর্ঘদিন ধরেই ভিন্ন। নেইমার প্রকাশ্যে সাবেক প্রেসিডেন্ট জইর বোলসোনারোর সমর্থন করেছিলেন, যা ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হয়েছিল। ফলে লুলার মন্তব্যকে অনেকে নিছক হাস্যরসের পাশাপাশি রাজনৈতিক খোঁচা হিসেবেও দেখছেন।

এদিকে কাফের চোটে ভুগছেন নেইমার। প্রায় এক মাস ধরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি। সে কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারছেন না দলের অন্যতম ভরসার এই ফরোয়ার্ড।

দলের অন্য খেলোয়াড়রা ম্যাচ খেলতে ভিন্ন শহরে গেলেও নেইমার আপাতত নিউ জার্সিতে ব্রাজিল দলের ক্যাম্পেই অবস্থান করছেন। চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর পুনর্বাসন চলছে।

তবে ব্রাজিল শিবির আশাবাদী, গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে পরবর্তী ম্যাচেই মাঠে ফিরতে পারেন এই অভিজ্ঞ তারকা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স