ঢাকা

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, দায়িত্বে থাকবেন ১৮ হাজারের বেশি পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানী ঢাকায় সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৩ জুন উপলক্ষে নগরজুড়ে ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হবে। শহরের বিভিন্ন স্থানে দুই শতাধিক তল্লাশিচৌকি স্থাপন করা হবে এবং ঢাকায় প্রবেশের প্রধান সড়ক ও প্রবেশপথগুলোতে কঠোর তল্লাশি চালানো হবে।

নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) সক্রিয় থাকবে। একই সঙ্গে বিশেষ নজরদারির জন্য সাদাপোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

যেকোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া চারটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত জনবল মোতায়েন থাকবে, যাতে জরুরি মুহূর্তে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তদারকিতে ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে।

এদিকে চলতি মাসের প্রথম ২০ দিনের আইনশৃঙ্খলা কার্যক্রমের তথ্যও প্রকাশ করেছে ডিএমপি। সংস্থাটির হিসাবে, এ সময় রাজনৈতিক মামলায় ৮২ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধ দমনে পরিচালিত অভিযানে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ২৮ জন, চুরির ঘটনায় ১২১ জন, দস্যুতা-সংশ্লিষ্ট ঘটনায় ১১৩ জন এবং ডাকাতির অভিযোগে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে মহানগরের বিভিন্ন থানা, গোয়েন্দা বিভাগ ও সিটিটিসির যৌথ অভিযানে জুন মাসে এ পর্যন্ত ৫৫ জন চাঁদাবাজকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স