ঢাকা

মেঘনা-গোমতী সেতুর টোল চুক্তি নিয়ে মামলা: তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ২০ সেপ্টেম্বর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তি প্রক্রিয়ায় অনিয়ম ও রাষ্ট্রীয় অর্থের ক্ষতির অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলমগীর নতুন এ তারিখ নির্ধারণ করেন। তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে না পারায় শুনানির জন্য নতুন তারিখ দেওয়া হয়।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলায় অভিযুক্তদের মধ্যে সাবেক কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন। তাঁদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের এবং আনিসুল হকের নাম উল্লেখযোগ্য।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের দায়িত্ব কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস (সিএনএস) লিমিটেডকে সরাসরি দরপত্র পদ্ধতিতে দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, এ ক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, যার ফলে রাষ্ট্রের প্রায় ৩০৯ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে গত বছরের ১২ অক্টোবর দুদক দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স