রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবিডি) ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) এবং মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করা ১৭৮ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান ঢাকায় আয়োজিত এই সমাবর্তনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিত্ব এবং দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও পেশাজীবনের জন্য শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিকোলাস ম্যাকলিন। তিনি স্নাতকদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমানে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে শিক্ষাসেবা একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে উচ্চশিক্ষা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, অস্ট্রেলিয়াকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে অস্ট্রেলিয়া সবসময় রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং তাঁদের একাডেমিক অগ্রযাত্রায় সহায়তা করা দেশটির অন্যতম অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।
সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর (পাথওয়েজ পার্টনারশিপস) তানিয়া পেরেরা। তিনি বলেন, শিক্ষার্থীদের এই অর্জন তাঁদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একাডেমিক নিষ্ঠার প্রতিফলন। বৈশ্বিক পরিসরে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি ও শিক্ষাগত সক্ষমতা তাঁরা ইতোমধ্যেই প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মোনাশ কলেজের আন্তর্জাতিক পাথওয়ে প্রোগ্রাম শিক্ষার্থীদের শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগই তৈরি করে না, বরং আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের দক্ষভাবে খাপ খাইয়ে নেওয়ার ভিত্তিও গড়ে তোলে।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে মোনাশ কলেজের আনুষ্ঠানিক অংশীদার হিসেবে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাথওয়ে প্রোগ্রাম পরিচালনা করছে। এসব প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশে অবস্থান করেই অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার যাত্রা শুরু করার সুযোগ পান। পরবর্তীতে সফলভাবে কোর্স সম্পন্ন করলে তাঁরা মোনাশ ইউনিভার্সিটিসহ বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেন।
অনুষ্ঠানে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মানাস সিং বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসানীতি ও অভিবাসনসংক্রান্ত বিধিনিষেধ কঠোর হয়েছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও ইউসিবিডির শিক্ষার্থীরা সফলভাবে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন এবং নির্বিঘ্নে তাঁদের শিক্ষাজীবনের পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, শিক্ষার্থীদের প্রয়োজনীয় একাডেমিক প্রস্তুতি এবং বিশ্বমানের সহযোগিতা নিশ্চিত করার ক্ষেত্রে ইউসিবিডির ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের বৈশ্বিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠানটি একই অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপনের পাশাপাশি আন্তর্জাতিক উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশ থেকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অগ্রযাত্রা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানের মাধ্যমে নতুন সনদপ্রাপ্ত ১৭৮ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে তাঁদের পরবর্তী একাডেমিক ও পেশাগত যাত্রার সূচনা করেন।