ঢাকা

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তায় তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শনিবার পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তবমুখী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে বলে বাংলাদেশ আশা করে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণকে স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, এই ঐতিহাসিক অর্জন কেবল যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছেও অনুপ্রেরণার প্রতীক।

বার্তায় তিনি বলেন, ‘আমেরিকা ২৫০’ উদযাপনের মাধ্যমে দেশটির স্বাধীনতার ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, আত্মত্যাগ, ঐতিহ্য এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের অবদান নতুনভাবে তুলে ধরা হয়েছে।

তারেক রহমান আরও বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতা ও মানবিক সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণ ও গভীর করতে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।

শুভেচ্ছা বার্তার শেষে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স