ঢাকা

জেলা পরিষদের প্রশাসকদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে নির্ধারিত মর্যাদা নিশ্চিতের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাষ্ট্রীয় ও সরকারি বিভিন্ন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসকদের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী মর্যাদা ও প্রোটোকল নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় দিবস, রাষ্ট্রীয় অনুষ্ঠান, সরকারি সভা, কূটনৈতিক আয়োজন, আসন বিন্যাস, আমন্ত্রণপত্র এবং সরকারি চিঠিপত্রে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের নাম ও অবস্থান ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (২০২০ সাল পর্যন্ত সংশোধিত) অনুসারে নির্ধারণ করতে হবে।

মন্ত্রণালয় জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে, যাতে প্রশাসকদের নির্ধারিত মর্যাদাক্রম যথাযথভাবে অনুসরণ করা হয়। প্রচলিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসকের অবস্থান একই ধাপে, অর্থাৎ ২৪তম ক্রমে রয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এসব প্রশাসকের অধিকাংশই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। চলতি বছরের ১৫ মার্চ প্রথম দফায় ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে পর্যায়ক্রমে আরও নিয়োগ সম্পন্ন হয়।

সবশেষ গত ১৯ জুলাই চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এখন পর্যন্ত শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকেরাই জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা দায়িত্বে বহাল থাকবেন। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এবং জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তারা চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা গ্রহণের সুযোগ পাবেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স