ঢাকা

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, সতর্ক করল জাতীয় সংসদ সচিবালয়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের নাম ব্যবহার করে একটি ভুয়া ডিও (আধা সরকারি) চিঠি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। জাল করা ওই চিঠিতে তাঁর স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয় জানায়, আলোচিত চিঠিটি কোনোভাবেই জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি। এটি সম্পূর্ণ জাল এবং এর সঙ্গে সংসদ সচিবালয়ের কোনো সম্পর্ক নেই।

জানা গেছে, ওই ভুয়া চিঠিতে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বদলির আদেশ বাতিলের সুপারিশ করা হয়। পাশাপাশি তাঁকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের প্রস্তাবও উল্লেখ করা হয়।

সংসদ সচিবালয় স্পষ্ট করেছে, জাতীয় সংসদের সরকারি পরিচয়, লোগো, প্যাড বা কোনো দাপ্তরিক নথি জাল করে ব্যবহার করা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ঘটনাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ধরনের প্রতারণা এড়াতে ভবিষ্যতে জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি চিঠি পেলে সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে এ ধরনের জাল নথির বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স