ঢাকা

খেলাধুলায় সাফল্যের ধারাবাহিকতা গড়তে চায় বাংলাদেশ পুলিশ: আইজিপি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ পুলিশ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পুলিশের ক্রীড়া ঐতিহ্য আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

শুক্রবার বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-এর ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, একজন পুলিশ সদস্যের দায়িত্ব অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ। সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা অপরিহার্য। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা সদস্যদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের আরও আত্মবিশ্বাসী করে তোলে।

তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের আরও উন্নত খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে। ক্রীড়ার মাধ্যমে দলগত মনোভাব, নেতৃত্বের গুণ এবং দায়িত্ববোধও বিকশিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার ও ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। এছাড়া অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ফাইনালে সিলেট রেঞ্জ ফুটবল দল ও চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ১-০ গোলের জয় তুলে নিয়ে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। ম্যাচে সিলেট রেঞ্জের জীবন ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং আমিরুল ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। পরে আইজিপি বিজয়ী ও সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এর আগে আইজিপি পূর্বাচলের পিওএইচএস-১ আবাসিক এলাকায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মাণাধীন ‘পিওএইচএস গ্রিন মার্ট’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স