ঢাকা

নাশকতা প্রতিরোধে রেলের ২৫ দফা নির্দেশ

-


দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর রেলওয়ে প্রশাসন বাড়তি সতর্কতা জারি করেছে। সম্প্রতি রেলওয়ের প্রধান কার্যালয় থেকে ২৫ দফা নির্দেশনা পাঠানো হয়েছে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। এসব নির্দেশনা শনিবার পর্যন্ত কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, রেলওয়ের স্থাপনা ও চলমান সম্পদের ওপর নাশকতার ঝুঁকি বেড়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ২৫টি পৃথক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বুধবার মাঠপর্যায়ে মৌখিকভাবে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশও দেওয়া হয়।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—প্রতিটি রেল বিভাগে টহল কার্যক্রম জোরদার করা, গুরুত্বপূর্ণ সেতু ও কালভার্টে সার্বক্ষণিক পাহারা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা। রেললাইন বা স্থাপনায় কোনো সন্দেহজনক বস্তু বা লাইনের বিকৃতি দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ কক্ষকে জানাতে হবে। স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথে তল্লাশি ও নিরাপত্তাবেষ্টনী আরও শক্ত করতে বলা হয়েছে।

এ ছাড়া রেল ইঞ্জিন ও কোচ রাখার শেড, ডিজেল ডিপো ও ওয়ার্কশপ এলাকায় ২৪ ঘণ্টা নিরাপত্তা পাহারা বাড়ানো, সিসিটিভি নজরদারি জোরদার করা এবং জ্বালানি সংরক্ষণ এলাকায় অনুমোদিত ব্যক্তির বাইরে কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংকেত ও নিয়ন্ত্রণ কক্ষেও অপরিচিত ব্যক্তির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিটি স্টেশন ও স্থাপনায় যথাযথ অগ্নিনির্বাপক সরঞ্জাম রাখার নির্দেশও রয়েছে।

রেলওয়ে জানিয়েছে, এসব নির্দেশ অমান্য করলে তা নিরাপত্তা লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার পর রেলওয়ে সহ সরকারি বিভিন্ন সংস্থা নিরাপত্তা জোরদার করেছে।

রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, রেলওয়ে নিয়মিতভাবেই নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখে। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।




কমেন্ট বক্স