ঢাকা

মেরিন ক্যাডেট ভর্তিতে চক্ষু ও মনোবৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল প্রকাশিত

-

নৌপরিবহন অধিদপ্তরের অধীনে পরিচালিত সমন্বিত মেরিন ক্যাডেট ভর্তি পরীক্ষা ২০২৫–২৬–এর চক্ষু ও মনোবৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের ভর্তি ও পরবর্তী কার্যক্রম–সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাও প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নৌপরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত চক্ষু ও মনোবৈজ্ঞানিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আপিলের সুযোগ ও সময়সূচি

প্রকাশিত ফলাফলে যেসব প্রার্থী অনুত্তীর্ণ হয়েছেন, তাঁরা নির্ধারিত নিয়ম অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুত্তীর্ণ প্রার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ৫০০ টাকা ফি প্রদান সাপেক্ষে আপিল আবেদন করতে পারবেন।

আপিলকৃত আবেদনসমূহ ৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯টায় নৌপরিবহন অধিদপ্তরে নিষ্পত্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভর্তি কার্যক্রম শুরু ৬ ফেব্রুয়ারি থেকে

চক্ষু ও মনোবৈজ্ঞানিক পরীক্ষায় উত্তীর্ণ এবং অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের সরকারি মেরিন একাডেমিসমূহে ভর্তির জন্য আগামী ৬ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬–এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রার্থীদের সংশ্লিষ্ট একাডেমির নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। সময়সীমার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে প্রার্থীর আসন বাতিল বলে গণ্য হতে পারে।

ভর্তি ফি ও স্বাস্থ্য পরীক্ষা

ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের অনুকূলে ৩০ হাজার টাকার পে-অর্ডার জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ ছাড়া ভর্তি চূড়ান্ত করার আগে প্রার্থীদের নিজ নিজ মেরিন একাডেমিতে সশরীর উপস্থিত হয়ে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ হলে ভর্তি বাতিলের বিধান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা

ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বা প্রয়োজনে প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত চট্টগ্রাম, বরিশাল, সিলেট, পাবনা ও রংপুর মেরিন একাডেমি এবং মেরিন ফিশারিজ একাডেমির সংশ্লিষ্ট মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন।





কমেন্ট বক্স