ঢাকা

সংঘর্ষের পর শাহবাগ মোড়ে বিক্ষোভে নামলেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা

-

শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ এলাকায় এসে অবস্থান নেন। সন্ধ্যার পর থেকে শাহবাগ মোড় অবরোধ করে তাঁরা বিক্ষোভ শুরু করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বারডেম হাসপাতালের পাশের সড়ক দিয়ে মৎস্য ভবনের দিকে যান চলাচল চালু ছিল।

জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। এ সময় ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশ ব্যারিকেড স্থাপন করে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন যমুনার সামনে যেতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে যাওয়ার অনুমতি দেওয়া হলেও পথে তাঁদের ওপর হামলার অভিযোগ তুলে তাঁরা ফিরে আসেন।

এরপর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে এবং পরে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। জবাবে বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল ছুড়তে থাকেন।

সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ বেশ কয়েকজন আহত হন। আহত অবস্থায় অর্ধশতাধিক মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, আহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি। অধিকাংশের শরীরে আঘাতজনিত ক্ষত রয়েছে, তবে কাউকে ভর্তি করাতে হয়নি।

সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ, বাংলামোটর ও পরীবাগ এলাকায় ছড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে এসব এলাকায় দফায় দফায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তাঁরা শাহবাগ মোড়ে পুনরায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এ কর্মসূচিতে ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ প্রায় এক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ের মাঝখানে বসে বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— ‘নারায়ে তাকবির’, ‘বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা’, এবং ‘হাদি হত্যার বিচার চাই’।




কমেন্ট বক্স