ঢাকা

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, বদলে গেল হাজারো শিক্ষার্থীর ফল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন, আর ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৮৫ জন শিক্ষার্থী

বৃহস্পতিবার প্রকাশিত এই ফলাফলে মোট ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। পাশাপাশি ৫৬ হাজার ২৫৯ জনের প্রাপ্ত নম্বরেও পরিবর্তন এসেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর জানান, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে ৪ লাখ ২ হাজার ৫২ জন।

সব মিলিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্রের জন্য আবেদন ছিল ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি। ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন করা হয় ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

যেভাবে ফল জানা যাবে

পুনর্নিরীক্ষণের ফল শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারছেন—

  • সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।
  • আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হয়েছে।
  • অনলাইনেও ফলাফল দেখা যাচ্ছে।

এবার খাতা নতুনভাবে যাচাই

এবারের পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় শুধু নম্বর যোগ-বিয়োগের ভুল খোঁজা হয়নি, উত্তরপত্র পুনর্মূল্যায়নও করা হয়েছে। আগের নিয়মে পরীক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের সুযোগ ছিল না। সাধারণত নম্বর দেওয়ার পর যোগফলে কোনো ভুল হয়েছে কি না, সেটিই যাচাই করা হতো।

নতুন পদ্ধতিতে বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে গিয়ে শিক্ষা বোর্ডগুলোকে বাড়তি চাপ সামলাতে হয়েছে। এ কারণে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষকও নিয়োগ করা হয়েছে।

চার লাখের বেশি পরীক্ষার্থীর আবেদন

মূল ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য গত ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী তাঁদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

তাঁদের আবেদনের মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্রের সংখ্যা ছিল ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

ফল পরিবর্তনের এই পরিসংখ্যান বলছে, পুনর্নিরীক্ষণের পর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। বিশেষ করে ফেল থেকে পাস করা ৪ হাজার ৮৫ জন এবং নতুন করে জিপিএ–৫ পাওয়া ৩ হাজার ৭৯ জনের জন্য এবারের ফল প্রকাশ নতুন আশার খবর হয়ে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স