ঢাকা

নবীনদের স্বাগত জানিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ফল ২০২৬’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আশুলিয়ায় অবস্থিত ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সেবার সঙ্গে পরিচিত করে দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিভিন্ন সুযোগ সম্পর্কে তাঁদের ধারণা দেওয়া হয়।

সকালে ক্যাম্পাসের স্বাধীনতা সম্মেলনকেন্দ্রে নবীন শিক্ষার্থীদের ফুল ও স্মারক উপহার দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), এয়ার রোভার স্কাউট এবং শিক্ষার্থী স্বেচ্ছাসেবকেরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের পাশাপাশি আন্তর্জাতিকবিষয়ক দপ্তর, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, এইচআরডিআই, অ্যাডমিশন.এসি, স্কিল.জবস, গোএডু ও ডিআইএলসির বিভিন্ন বুথ স্থাপন করা হয়। এসব বুথের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সেবা, কার্যক্রম ও সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআইইউর অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উপদেষ্টা অধ্যাপক এ বি এম কামাল পাশা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আর কবির। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান ভিডিও বার্তার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানান।

মুশফিকের অনুপ্রেরণামূলক বক্তব্য

নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ মুশফিকুর রহিম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি নিজের শিক্ষাজীবন ও পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে তাঁদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন।

তিনি শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন। তাঁর বক্তব্য নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময়

নবীনবরণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সফল অ্যালামনাইদের সঙ্গে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। ‘সফল অ্যালামনাই’ পর্বে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ডিআইইউর সাবেক শিক্ষার্থীরা তাঁদের বিশ্ববিদ্যালয়জীবন, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে নবীনদের সঙ্গে আলোচনা করেন।

এ পর্বে অংশ নেন এসএসএল কমার্সের কি-অ্যাকাউন্ট ম্যানেজার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অ্যালামনাই প্রিয়া রানী দে, এসিআই মোটরস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জেএমসি বিভাগের অ্যালামনাই মো. ফরহাদ হোসাইন, মিয়াকি মিডিয়া লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যালামনাই মো. সাজ্জাদুর রহমান শাওন এবং সানপাওয়ার টেকনোলজির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম।

আলোচনায় তাঁরা শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন। বিশ্ববিদ্যালয়জীবনে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কীভাবে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে কাজে লাগানো যায়, সে বিষয়েও তাঁরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

অনুষ্ঠানে ‘মিট দ্য অ্যাচিভার্স’ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে অর্জনকে স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অফিস অব দ্য স্টুডেন্টস’ অ্যাফেয়ার্সের অ্যাডভাইজার অধ্যাপক এ বি এম কামাল পাশা বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেন।

এর মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহশিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগও তুলে ধরা হয়।

সাংস্কৃতিক আয়োজন

দিনব্যাপী নবীনবরণ কর্মসূচির শেষ পর্বে বিকেলে স্বাধীনতা সম্মেলনকেন্দ্রে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ‘ফল ২০২৬’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণপর্বের সমাপ্তি ঘটে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স