ঢাকা

দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে বিদ্যালয়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

লম্বা অবকাশ ও সাপ্তাহিক ছুটির দীর্ঘ আমেজ কাটিয়ে আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান শুরু হচ্ছে। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে গত ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি পড়ে। এরপর ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় বিদ্যালয়গুলোর ছুটি আরও দীর্ঘ হয়।

অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটির মেয়াদ আরও কয়েক দিন দীর্ঘ থাকছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে কলেজগুলোতে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে আগের ও পরের সাপ্তাহিক ছুটি মিলে কলেজগুলোতে মোট ১৬ দিনের ছুটি উপভোগ করা হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে কলেজগুলোতে আবারও নিয়মিত ক্লাস শুরু হবে।

এদিকে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসাগুলোতেও দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয় এবং সেই ছুটি শেষে গতকাল থেকেই এসব প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স