ঢাকা

শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় বিচার হবে, মবের মুখোমুখি হতে হবে না: জাহেদ উর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তাঁকে কোনো ধরনের গণপিটুনি বা উচ্ছৃঙ্খল জনতার মুখোমুখি হতে হবে না; বরং প্রচলিত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তিনি দেশে ফিরে এলে সরকার তাঁকে স্বাগত জানাবে। তাঁকে জোর করে দেশে ফিরিয়ে আনার প্রয়োজন হবে না। দেশে আসার পর তাঁর বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

তবে শেখ হাসিনা আদৌ দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তাঁর মতে, এ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান স্পষ্ট করে বলেন, তাঁকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে। কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির শিকার হতে হবে না। তাঁর ক্ষেত্রে আইনবহির্ভূত কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে যে অভিযোগ রয়েছে, বর্তমান সরকার বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তার বিপরীত দৃষ্টান্ত স্থাপন করতে চায়। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে স্বাগত জানানো হবে এবং আইনের বিধান অনুযায়ী তাঁর বিচার কার্যক্রম পরিচালিত হবে।

তিনি জোর দিয়ে বলেন, সরকারের অবস্থান হলো—কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা দণ্ড থাকলেও তাঁর ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন হবে; জনতার হাতে আইন তুলে দেওয়ার সুযোগ দেওয়া হবে না।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স