ঢাকা

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল হায়াদ ওরফে দীপু। তাঁর বয়স ৩২ বছর। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ছাত্রলীগের একজন সদস্য।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ) নিয়াজ মেহেদী জানান, রমনা থানায় দায়ের করা মামলাটির তদন্ত করতে গিয়ে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহযোগিতায় রূপগঞ্জে যৌথ অভিযান পরিচালনা করা হয়। সোমবার বেলা তিনটার দিকে ওই অভিযানেই আবুল হায়াদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির ২ নম্বর ফটকের পূর্ব পাশে সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হঠাৎ বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর রমনা মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবেই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এখন মামলাটির তদন্তে গ্রেপ্তার ব্যক্তির সংশ্লিষ্টতা এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স