অনলাইন হয়রানির অভিযোগে আইনি পদক্ষেপ বিজয়-রাশমিকার
ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও হয়রানির অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাঁদের সম্পর্ক নিয়ে মিথ্যা তথ্য প্রচার, বিকৃত স্ক্রিনশট ছড়ানো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগে হায়দরাবাদের সাইবার অপরাধ তদন্ত কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাঁদের প্রতিনিধিরা।
সোমবার (২৬ অক্টোবর) অভিযোগটি জমা দেওয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তারকা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে নিজেদের সম্পর্ক ও বিয়ে নিয়ে কথা বলেন বিজয় ও রাশমিকা। অনুষ্ঠানে বিজয় জানান, রাশমিকাকে বিয়েতে রাজি করাতে তাঁকে প্রায় ১০০ বার প্রস্তাব দিতে হয়েছিল। তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে তাঁদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য, পুরোনো সাক্ষাৎকারের ভিডিও এবং বিভিন্ন ধরনের দাবি অনলাইনে ছড়িয়ে পড়ে।
এ পরিস্থিতিতে রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, সমালোচনা ও ভিন্নমত প্রকাশের অধিকার সবার রয়েছে। তবে সেই অধিকার ব্যবহার করে ব্যক্তিগত আক্রমণ করা কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো গ্রহণযোগ্য নয়। নিজের সম্পর্কের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনেরই ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল। বিজয়ের সময় নেওয়াকে তাঁদের সম্পর্কের দুর্বলতা হিসেবে দেখারও কোনো কারণ নেই বলে জানান তিনি।
অন্যদিকে, বিজয় দেবরাকোন্ডাও সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার সঙ্গে ছবি ও ভিডিও প্রকাশ করে তাঁদের সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দেন। স্ত্রীকে নিজের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি তাঁদের দাম্পত্য জীবনের প্রতি সন্তুষ্টির কথা তুলে ধরেন।
তারকা দম্পতির প্রতিনিধিদের অভিযোগ, তাঁদের নিয়ে মনগড়া বক্তব্য, বিকৃত স্ক্রিনশট ও ভুয়া পরিচয়ে প্রচারণা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ বা অর্থের বিনিময়ে পরিচালিত প্রচারণা রয়েছে কি না, তা তদন্তেরও অনুরোধ জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অনলাইন পোস্টের লিংক ও অন্যান্য তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিনিধিদের বক্তব্য অনুযায়ী, তাঁরা মতপ্রকাশের স্বাধীনতা ও গঠনমূলক সমালোচনাকে সম্মান করেন। তবে সমালোচনার নামে মিথ্যা বা বিকৃত তথ্যকে সত্য হিসেবে প্রচার করার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকারও তাঁদের রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অভিযোগটি জমা দেওয়ার পর পুলিশ বিষয়টি পর্যালোচনা করছিল। সোমবার রাত পর্যন্ত এ ঘটনায় মামলা নথিভুক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক বিতর্ক আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি সামনে এনেছে।
নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক