ঢাকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল আজ রাতে; সি ইউনিটে পাসের হার সর্বোচ্চ

-

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে দেখা গেছে, তিনটি ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি পাসের হার সি ইউনিটে এবং সবচেয়ে কম পাসের হার বি ইউনিটে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার এ, বি ও সি ইউনিটের ফল আজ রাত ১০টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

পাসের হার: সি ইউনিটে সর্বোচ্চ, বি ইউনিটে সর্বনিম্ন

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত সি ইউনিটে পাসের হার সবচেয়ে বেশি। এ ইউনিটে পাসের হার ৬৪ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের অন্তর্ভুক্ত বি ইউনিটে পাসের হার সবচেয়ে কম—৫৪ দশমিক ৭৬ শতাংশ।

পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই দিনে, দুই কেন্দ্রে

গত ৩০ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ৩১ জানুয়ারি বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এ বছর কুমিল্লার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আবেদন ও উপস্থিতির পরিসংখ্যান

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বি ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) মোট ৩৯০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩৭ হাজার ৬১৪ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৯ হাজার ৩৮৯ জন, যা মোট আবেদনকারীর ৭৮ দশমিক ১৩ শতাংশ।

এর মধ্যে কুমিল্লা অঞ্চলে ২৪ হাজার ৯৯১ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১৯ হাজার ১০৭ জন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৬২৩ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ২৮২ জন।

অন্যদিকে সি ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২০০টি আসনের বিপরীতে আবেদন করেন ১২ হাজার ৮৩০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ৩৩৩ জন, যা উপস্থিতির হার ৮০ দশমিক ৫৪ শতাংশ।

সি ইউনিটে কুমিল্লা অঞ্চলে ৯ হাজার ৯৬৯ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৯৯১ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ হাজার ৩৪২ জন।

গুচ্ছ থেকে স্বতন্ত্র পদ্ধতিতে কুবির ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, করোনা মহামারির সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী ২০২০–২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। তবে এক বছর পর থেকেই এ পদ্ধতি নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি উঠতে থাকে।

পরবর্তীতে গুচ্ছ পদ্ধতি থেকে সরে এসে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। চলতি ২০২৫–২৬ শিক্ষাবর্ষে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করল বিশ্ববিদ্যালয়টি।





কমেন্ট বক্স