দেশের আটটি শহরে নিরাপদ, টেকসই ও জলবায়ু-সহনশীল পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংস্থার ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে সরাসরি উন্নত নাগরিক সুবিধা পাবেন প্রায় ৯ লাখ মানুষ।

‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ শীর্ষক এই প্রকল্পের সুফলভোগী শহরগুলো হলো—কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা পৌরসভা। এডিবির ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত প্রকল্পটি মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে যুক্ত নগর এলাকায় আধুনিক জনসেবা নিশ্চিত করবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বাড়াবে।

বিজ্ঞাপন · inarticle_1

এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর জিংফেং ঝাং উল্লেখ করেন, জনস্বাস্থ্য রক্ষা, মানবিক মর্যাদা এবং উৎপাদনশীল সমাজ গঠনে নিরবচ্ছিন্ন পানি ও স্যানিটেশন অপরিহার্য। তাঁর মতে, এই প্রকল্পের আওতায় কেবল জলবায়ু-সহনশীল অবকাঠামোই নির্মিত হবে না, বরং ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ক্রমবর্ধমান শহরগুলোতে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

প্রকল্পের অবকাঠামোগত পরিকল্পনায় রয়েছে প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার নতুন পানি বিতরণ পাইপলাইন নির্মাণ এবং স্মার্ট মিটারসহ ৬৫ হাজার আবাসিক পানির সংযোগ স্থাপন ও সংস্কার। এসব সংযোগের অন্তত ১০ শতাংশ বরাদ্দ থাকবে নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের জন্য। পাশাপাশি সাতটি পানি শোধনাগার আধুনিকায়ন এবং সরবরাহ তদারকিতে ৭৮টি ‘ডিস্ট্রিক্ট মিটার্ড এরিয়া’ গড়ে তোলা হবে, যা ২০২৬ সালের ৫০ শতাংশের বেশি সিস্টেম লসকে ২০৩২ সালের মধ্যে ২০ শতাংশের নিচে নামিয়ে আনবে।

অবকাঠামোর পাশাপাশি সার্বক্ষণিক পানি উৎপাদন, মান নিয়ন্ত্রণ ও গ্রাহকসেবা তদারকিতে আধুনিক ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে। স্যানিটেশন খাতে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ১ হাজার ২০০টি গৃহস্থালি ল্যাট্রিন এবং নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের উপযোগী চারটি গণশৌচাগার নির্মাণ করা হবে, যেগুলোর পরিচালনার দায়িত্বে থাকবেন স্থানীয় নারীরা।

২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে, যার মাধ্যমে স্থানীয় সেবাদাতা সংস্থাগুলোর আর্থিক ও কারিগরি ভিত্তি মজবুত হবে এবং ‘কুমিল্লা ওয়াসা’ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহায়তা মিলবে। এডিবির এই মূল ঋণের পাশাপাশি নীতিগত সংস্কার ও সুশাসনের জন্য ১ মিলিয়ন ডলারের আলাদা কারিগরি অনুদান এবং বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে আরও ৪৬ মিলিয়ন ডলার যুক্ত হবে।