যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রাথমিকভাবে দেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে এই মাংস আমদানির অনুমতি দেওয়ার প্রস্তাব করেছেন তিনি। তার মতে, এই সহজ পদক্ষেপটি নেওয়া হলে স্থানীয় বাজারে এর প্রকৃত চাহিদা যাচাই করা সম্ভব হবে।

গত সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা ৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত এই বিষয়টি তুলে ধরেন। পোস্টে তিনি উল্লেখ করেন যে, আইওয়ার বিশ্বসেরা ও মানসম্মত হালাল গরুর মাংস খুব সহজেই ঢাকার খাবারের টেবিলে জায়গা করে নিতে পারে। উন্নত গুণমানের কারণেই এই মাংস ভোক্তাদের কাছে দ্রুত পরিচিতি পাবে এবং এর জন্য আলাদা কোনো প্রচারণার প্রয়োজন পড়বে না।

বিজ্ঞাপন · inarticle_1

ক্রিস্টেনসেন আরও জানান, শুরুতে কেবল হোটেল ও রেস্তোরাঁগুলোর জন্য আমদানির দরজা খুলে দিলেই পরবর্তী সময়ে বাজারের চাহিদাই এর ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাংলাদেশের আতিথেয়তা ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল গরুর মাংসের বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।