সরকারি মালিকানাধীন ও সরকারি অংশীদারিত্ব থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কর্মরত কোনো সচিব বা সমমর্যাদার কর্মকর্তা চেয়ারম্যান কিংবা পরিচালক হতে পারবেন না। পাশাপাশি পর্ষদের এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী প্রতিনিধি নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। ব্যাংকিং খাতে সুশাসন, পেশাদারিত্ব ও দক্ষতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি চেয়ারম্যান ও পরিচালক নিয়োগসংক্রান্ত এই নতুন নীতিমালা জারি করেছে।

নতুন এই নীতিমালায় পর্ষদ গঠনে পেশাগত বৈচিত্র্য ও যোগ্যতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইন বিশেষজ্ঞ এবং একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকার অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া অর্থনীতি, ব্যাংকিং, পুঁজিবাজার, ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, কৃষি, শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধানও অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন · inarticle_1

প্রার্থীদের বয়সসীমা ও মেয়াদের ক্ষেত্রেও সুনির্দিষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান ও পরিচালক পদের জন্য প্রার্থীর বয়স ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনা বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে; তবে বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। প্রত্যেক পরিচালক ও চেয়ারম্যানের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর এবং কেউ টানা দুই মেয়াদের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। এক মেয়াদ বিরতির পর পুনরায় নিয়োগের সুযোগ থাকলেও সেক্ষেত্রে পূর্ববর্তী কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে। এ ছাড়া সরকারের বিশেষ নির্দেশনা ব্যতীত একই ব্যক্তি একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না।

স্বার্থের সংঘাত এড়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, পরামর্শক বা বেতনভুক্ত কর্মচারী হিসেবে কর্মরত আছেন অথবা বিগত পাঁচ বছরের মধ্যে দায়িত্ব পালন করেছেন—এমন কোনো ব্যক্তি ওই প্রতিষ্ঠানের পর্ষদে স্থান পাবেন না। স্বার্থের সংঘাত রয়েছে এমন যেকোনো প্রার্থীকেই অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

যোগ্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সভাপতি করে ছয় সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন এবং কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। এই কমিটি প্রার্থীদের যোগ্যতা, নৈতিকতা ও আর্থিক স্বচ্ছতা যাচাইয়ে 'ফিট অ্যান্ড প্রপার টেস্ট', গোয়েন্দা প্রতিবেদন এবং ঋণসংক্রান্ত সিআইবি প্রতিবেদন পর্যালোচনা করবে। কমিটির সুপারিশের পর চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর এবং পরিচালক নিয়োগে অর্থমন্ত্রীর অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নীতিমালায় পরিচালনা পর্ষদের কর্মপরিধি ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। পর্ষদ মূলত প্রতিষ্ঠানের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ এবং বিধিবিধান পরিপালন তদারকি করবে, তবে ব্যাংকের দৈনন্দিন প্রশাসনিক কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। পরিচালকদের দক্ষতা বৃদ্ধিতে মানিলন্ডারিং প্রতিরোধ ও করপোরেট সুশাসনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে এবং তাদের সম্মানী ও দায়িত্বের ক্ষেত্রে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে।

সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকসহ সব রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকে এই নীতিমালা কার্যকর হবে। এর পাশাপাশি সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনও এই নতুন নীতিমালার আওতাভুক্ত থাকবে।