দেশের বাজারে স্বর্ণের দাম টানা দ্বিতীয় দিনের মতো বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। আগের তুলনায় এ ক্যারেটে ভরিতে বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকের পর নতুন এ দাম চূড়ান্ত করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই দিন সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন দর কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

গয়না কেনার ক্ষেত্রে নির্ধারিত স্বর্ণের দামের পাশাপাশি নকশা অনুযায়ী আলাদা মজুরি যুক্ত হবে, তবে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পুরোনো গয়না বদলালে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ কাটা হবে; এসব ক্ষেত্রেও আলাদা ভ্যাট কাটার সুযোগ নেই। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দর ও নিয়ম বহাল থাকবে।

স্বর্ণের দামে ঊর্ধ্বগতি থাকলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় অপরিবর্তিত রয়েছে।