কাভারনোট কারসাজি ও রাজস্ব ফাঁকি রোধে রিয়েল-টাইম তথ্য বিনিময়ের উদ্যোগ

বিমা খাতের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার পর থেকেই প্রভাবশালী মহলের পক্ষ থেকে নানা বাধা আসতে শুরু করেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর মিরপুর-২-এ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্যিক লেনদেনের দ্রুত ও স্বচ্ছ তথ্য আদান-প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

আমদানি বাণিজ্যে বিমা খাতের অনিয়মের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী জানান, এলসি বা ঋণপত্র খোলার সময় ২০ লাখ টাকার প্রিমিয়ামের বিপরীতে কাভারনোট নেওয়া হলেও পণ্য দেশে পৌঁছানোর পর প্রিমিয়াম না দিয়েই তা ছিঁড়ে ফেলা হচ্ছে। বিমা কোম্পানির সঙ্গে যোগসাজশে হাজার কোটি টাকার পণ্য আমদানি হলেও এতে রাষ্ট্র রাজস্ব হারাচ্ছে, প্রিমিয়াম জমা পড়ছে না এবং সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি ব্যাংকিং খাতের মতো বিমা খাতও চরম সংকটে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান গ্রাহকের দাবি বা ক্লেইম পরিশোধ না করে সেই অর্থ দিয়ে সম্পদ কিনছে ও বিভিন্ন স্থানে বিনিয়োগ করছে।

রাজস্ব ফাঁকি ও অনিয়ম ঠেকাতে সরকারি সংস্থাগুলোর মধ্যে ডিজিটাল সমন্বয় বা ‘রিয়েল-টাইম ইন্টার-অপারেবিলিটি’ অপরিহার্য বলে মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর ভাষ্যমতে, অতীতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা আলাদাভাবে প্রকল্প বাস্তবায়ন করায় এনবিআর, বাংলাদেশ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং পুঁজিবাজারের মধ্যে কার্যকর তথ্য বিনিময়ের ঘাটতি ছিল। প্রকৃত অটোমেশন ও নজরদারি নিশ্চিত করতে এনবিআরের লেনদেনের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক, বিমা খাত এবং বন্দর ব্যবস্থাপনাকে যুক্ত করা হচ্ছে, যা ব্যবসার খরচ কমিয়ে স্থানীয় মূল্য সংযোজন বাড়াতে সাহায্য করবে।

অনিয়ম ও সংকট মোকাবিলায় কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী স্পষ্ট করেন যে, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সরকার যেকোনো কঠিন বা ‘পেইনফুল’ সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে রিয়েল-টাইম তথ্য পর্যবেক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।