বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রীতিভোজ ও নানা আয়োজনে আগামীকাল উদযাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস

গৌরব ও সাফল্যের ৩৫ বছর পূর্ণ করে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) ৩৬ বছরে পদার্পণ করছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি, যার মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে ৫ হাজার ৩৯৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এর মধ্যে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হল ও বিজয় ২৪ হলে ১ হাজার ১৮০ জন করে, অপরাজিতা হলে ১ হাজার ১৫০ জন, খান জাহান আলী হলে ১ হাজার ১০০ জন এবং খান বাহাদুর আহসানউল্লাহ হলে ৭৮৫ জন শিক্ষার্থী অংশ নেবেন। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে ইতিমধ্যেই ক্যাম্পাসের প্রধান ফটক, সড়ক ও একাডেমিক ভবনগুলো দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজানো হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

১৯৯১ সালের ২৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের ফসল হিসেবে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি প্রতিবছর দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করে আসছে। কালকের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এবং বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সভায় গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা দেওয়ার পাশাপাশি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে। এরপর অদম্য বাংলা প্লাজায় বিভিন্ন ডিসিপ্লিনের বিগত বছরের অর্জন ও আগামী বছরের কর্মপরিকল্পনা ডিসপ্লে বোর্ডে প্রদর্শন করা হবে। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কাঠামোয় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। একাডেমিক মানোন্নয়নে সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের আবেদন এবং স্নাতক পর্যায়ে গবেষণা অনুদান চালু করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশনায় আর্থিক প্রণোদনা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ বাড়াতে ‘খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’-এর আওতায় বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। অবকাঠামোগত উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্ববৃহৎ বাজেটের তিনটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা (ডিপিপি) চূড়ান্ত করা হয়েছে, যেখানে আবাসিক হল, শ্রেণিকক্ষ ও আধুনিক গবেষণাগার সম্প্রসারণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া দীর্ঘ সাত বছরের অপেক্ষা কাটিয়ে আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারীসহ খুলনার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী। এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য উল্লেখ করেন, প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় আজ দেশের উচ্চশিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।