ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরস স্কলারশিপের আওতায় ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে টিউশন ফি মওকুফসহ মিলবে গবেষণা অনুদান ও ভিসা খরচ

যুক্তরাজ্যের স্বনামধন্য ওয়ারউইক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুবর্ণ সুযোগ দিচ্ছে। মর্যাদাপূর্ণ 'ওয়ারউইক ইউনিভার্সিটি চ্যান্সেলরস স্কলারশিপ'-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার এই বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ১৯৬৫ সালে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডে প্রতিষ্ঠিত এই পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়টি বিশ্বজুড়ে উচ্চমানের গবেষণা ও শিক্ষার জন্য বিশেষভাবে পরিচিত।

বিজ্ঞাপন · inarticle_1

এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বেশ কিছু আকর্ষণীয় আর্থিক সুবিধা পাবেন। বৃত্তিপ্রাপ্তদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় একটি স্বস্তি। পাশাপাশি গবেষণা, প্রশিক্ষণ ও সহায়ক অনুদান (আরটিএসজি) হিসেবে ৫ হাজার পাউন্ড প্রদান করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের যুক্তরাজ্যে যাওয়ার ভিসা এবং অভিবাসন সংক্রান্ত খরচের জন্যও বিশেষ আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

স্কলারশিপটিতে আবেদনের জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের যেকোনো পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। প্রার্থীর ইংরেজি ভাষায় দক্ষতার সনদ থাকার পাশাপাশি স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ থাকতে হবে। একাডেমিক ফলাফলের পাশাপাশি গবেষণার পূর্ব অভিজ্ঞতা নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীদের বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে বৈধ পাসপোর্টের কপি, পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্র, একটি হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) এবং একাডেমিক রেফারেন্স লেটার। এ ছাড়া প্রার্থীর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে একটি মোটিভেশন লেটার এবং একটি সুসংগঠিত গবেষণা প্রস্তাবনা বা রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে।

আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি এবং আবেদন ফরম পূরণের জন্য প্রার্থীদের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।