নজরুল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ফল প্রকাশে দীর্ঘসূত্রতায় নিজ বিভাগে শিক্ষক নিয়োগে আবেদন করতে পারেননি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সকল একাডেমিক কার্যক্রম চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সম্পন্ন হয়েছে। তবে দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ। ফল প্রকাশের এই দীর্ঘসূত্রতার কারণে সম্প্রতি প্রকাশিত নিজ বিভাগের প্রভাষক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন যোগ্য শিক্ষার্থীরা। এতে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে ভুক্তভোগী শিক্ষার্থীদের মাঝে।

বিজ্ঞাপন · inarticle_1

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে (স্মারক নং: জাককানইবি/রেজি:/নবিজনি/১৬৩২/২২/৬৮০৬) নৃবিজ্ঞান বিভাগে দুটি প্রভাষক পদের জন্য আবেদন আহ্বান করা হয়, যার সময়সীমা গত ১৯ নভেম্বর শেষ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ক্যারিয়ারকে বাধাগ্রস্ত করতেই দীর্ঘদিন ধরে ফল আটকে রাখা হয়েছে। এক মাস আগে ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানোর কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই; বরং বারবার শুধু ‘আগামী সপ্তাহে’ ফল প্রকাশের আশ্বাস দেওয়া হচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিজ্ঞপ্তিতে অন্যান্য বিভাগের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের নির্দিষ্ট মানদণ্ড উল্লেখ থাকলেও নৃবিজ্ঞান বিভাগে তা রাখা হয়নি। কেবল স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম ৩.৬০ সিজিপিএ (৪ স্কেলে) এবং সনাতনী পদ্ধতিতে সকল পর্যায়ে প্রথম বিভাগ চাওয়া হয়েছে। ফলাফল প্রকাশিত না হওয়ায় স্নাতকে ভালো ফলাফল থাকা সত্ত্বেও স্নাতকোত্তরের সনদ বা মার্কশিটের অভাবে এই ব্যাচের (১৪তম ব্যাচ) শিক্ষার্থীরা আবেদনের অযোগ্য হয়ে পড়েন।

এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক জুয়েল মোল্যা শিক্ষক সংকট ও বহিরাগত পরীক্ষকদের (থিসিস পর্যালোচক) কাছ থেকে নম্বর আসতে দেরি হওয়াকে দায়ী করেন। তিনি জানান, বিভাগে মাত্র তিনজন শিক্ষক থাকায় একজনের অনুপস্থিতিতেই কাজ পিছিয়ে যায়, তবে ফলাফল ইতিমধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো হয়েছে এবং দ্রুতই তা প্রকাশিত হবে। অন্যদিকে, বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক স্বপ্না পাপুল জানান, ইউজিসির নীতিমালা মেনেই যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সিজিপিএ ৩.৬০ নির্ধারণ করা হয়েছে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শর্ত শিথিল রাখা হয়েছে। ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা যেন আবেদন করতে পারেন, সেজন্য একাডেমিক কমিটির সভায় দ্রুত ফল প্রকাশের তাগিদ দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।