মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের জন্য পাঁচ দফা বিশেষ কর্মসূচি ও নির্দেশনা জারি করা হয়েছে।

আসন্ন শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস ২০২৬ রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দেশের সকল মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান এবং পরিচালনা কমিটির সদস্যদের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার গৃহীত জাতীয় কর্মসূচির আলোকে বোর্ডের আওতাধীন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কার্যক্রম বাধ্যতামূলকভাবে বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

বিজ্ঞপ্তিতে আগামী ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালনের বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে, দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে প্রতিটি মাদ্রাসাকে নিজ নিজ সুবিধাজনক সময়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এই আয়োজনে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত ও ভাবগাম্ভীর্যপূর্ণ উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আগামী ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ উদযাপন উপলক্ষে মাদ্রাসাগুলোর জন্য পাঁচটি প্রধান কর্মসূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বিজয় দিবসের সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা বিধিমালা মেনে সঠিক মাপ ও রঙের পতাকা নিজ নিজ মাদ্রাসা ভবনে উত্তোলন করতে হবে। এছাড়া সকাল ৯টায় জেলা ও উপজেলা প্রশাসনের নির্ধারিত স্থানে অনুষ্ঠিত জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পাশাপাশি স্থানীয় পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলা এবং মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে বলা হয়েছে। একই সাথে প্রীতি ফুটবল, টি-২০ ক্রিকেট ও কাবাডির মতো ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সবশেষে, ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে নিজ নিজ মাদ্রাসায় শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনের মাধ্যমে দিবসের কর্মসূচি সম্পন্ন করতে বলা হয়েছে।