দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নির্ধারণে আগামী রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া। সভায় উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়েরসহ মোট ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।
সভার মূল আলোচ্যসূচিতে রয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার সুনির্দিষ্ট পদ্ধতি ও দিকনির্দেশনা নির্ধারণ। তবে ঠিক কতটি বিদ্যালয় এই সুবিধার আওতায় আসবে, কোন প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে এবং কী ধরনের শর্ত প্রযোজ্য হবে—সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। রোববারের এই গুরুত্বপূর্ণ সভায় এসব মৌলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পরবর্তী কর্মপন্থা ঠিক করা হতে পারে।



