ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা কমিটি বাতিলের আদেশের ওপর হাইকোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন। বুধবার (১১ নভেম্বর) ওই স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন চেম্বার জজ আদালত। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগের সিদ্ধান্তই কার্যকর থাকছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক আদেশে তাদের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার চলমান কমিটি বাতিল ঘোষণা করে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হলে গত ১০ নভেম্বর আদালত বিশ্ববিদ্যালয়টির আদেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। পরবর্তীতে হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হয়। বুধবার শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশটি স্থগিত করে দেন।

বিজ্ঞাপন · inarticle_1

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইনি প্রক্রিয়ার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসা কর্তৃপক্ষকে নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।