সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বড় নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগের জন্য শূন্য পদের হিসাব চূড়ান্ত করার কাজ করছে। একই সঙ্গে বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠান, সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোতেও বিপুলসংখ্যক পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে আগামী বছর সরকারি চাকরিতে একটি বড় নিয়োগ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছে সরকার।
লাখ লাখ চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন। শূন্য পদ পূরণে এক বছরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই বড় উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতিমধ্যে ছয় মাসমেয়াদি পরিকল্পনার কাজ শেষ হওয়ায়, সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। প্রথম শ্রেণির ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডার ও দ্বিতীয় শ্রেণির পদে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) সর্বোচ্চসংখ্যক প্রার্থীর সুপারিশ করার অনুরোধ জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘স্ট্যাটিসটিক অব পাবলিক সার্ভেন্ট ২০২৫’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানে অনুমোদিত ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি পদের বিপরীতে কর্মরত ছিলেন ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। অর্থাৎ প্রায় ২৬ শতাংশ বা পাঁচ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি ছিল। যদিও চলতি বছর কিছু নিয়োগের ফলে এই সংখ্যা কিছুটা কমেছে। সরকারের লক্ষ্য হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে বিভিন্ন দপ্তরে পাঁচ লাখ কর্মচারী নিয়োগ করা।
এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া হলে আরও ৩৮ হাজার ৪৪৩টি সহকারী শিক্ষক পদ শূন্য হবে। নিয়মিত অবসর এবং অন্যান্য সম্ভাব্য শূন্যতা সমন্বয় করে প্রকৃত চাহিদা নির্ধারণ করতে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ডিসেম্বরের মধ্যে শূন্য পদের হিসাব চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষক সংকট তীব্র। সপ্তম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে হাজার হাজার পদ শূন্য থেকে যাওয়ায় বর্তমানে এসব প্রতিষ্ঠানে কমপক্ষে ৬০ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। পাশাপাশি, দেশের ৬৯৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮৩টিতে প্রধান শিক্ষক এবং তিন হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য আছে। সব মিলিয়ে শিক্ষা খাতের এই শূন্যতা পূরণে আগামী বছর দেশজুড়ে শিক্ষক নিয়োগে ব্যাপক কর্মসুচি যাবে।



