দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে সরকারের মোট ১০ হাজার ৪৯ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা (প্রায় ১০ হাজার ৫০ কোটি টাকা) অতিরিক্ত ব্যয় হবে। নতুন বেতন কাঠামোর আওতায় আনতে এ বিশাল অঙ্কের অর্থ বরাদ্দের প্রাক্কলন তৈরি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশোধিত হিসাব অনুযায়ী, এমপিওভুক্ত স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা এবং কলেজ পর্যায়ের জন্য ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা প্রয়োজন। অর্থাৎ মাউশির অধীন স্কুল ও কলেজের জন্যই মোট বরাদ্দ লাগবে ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা।

বিজ্ঞাপন · inarticle_1

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রায় ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানের জন্য ১ হাজার ২২১ কোটি টাকা প্রয়োজন হবে বলে হিসাব করা হয়েছে।

সংশ্লিষ্ট তিন অধিদপ্তরের এই সমন্বিত হিসাব এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। চূড়ান্ত এই চাহিদার ভিত্তিতে অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে।