নারী শিক্ষার প্রসার ঘটাতে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে দেশব্যাপী প্রয়োজনীয় জরিপ ও সমীক্ষার কাজ শুরু হয়েছে।
সংসদে দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী নারী উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মক্ষম করতে তিনি নারীদের ঘরে বসে না রেখে শিক্ষিত করার উদ্যোগ নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি পর্যায়ক্রমে দশম শ্রেণি এবং উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালু করেন। তবে সে সময় স্নাতক পর্যায়ে তা সম্প্রসারণ করা সম্ভব হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করতে স্নাতক বা ডিগ্রি পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন।
দেশের বিদ্যমান মহিলা কলেজগুলোর পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে সারা দেশের ৬৪টি জেলায় একটি করে এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে মিলিয়ে সর্বমোট ১১১টি মহিলা কলেজ রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, কোন উপজেলায় কলেজ রয়েছে, সেগুলোর বর্তমান অবস্থা কী এবং যেসব উপজেলায় নেই সেখানে কোথায় নতুন কলেজ স্থাপন করা জরুরি—তা নিরূপণে মাঠপর্যায়ে সমীক্ষা চলছে। খুব দ্রুতই এই জরিপের প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
এছাড়া শতবর্ষী স্কুল ও কলেজগুলোর তথ্যও প্রধানমন্ত্রী চেয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্ট করেন, যেসব উপজেলায় ইতিমধ্যে মহিলা কলেজ আছে সেগুলো যথারীতি বহাল থাকবে এবং কেবল কলেজবিহীন উপজেলাগুলোতে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। সরকারের এই সুদূরপ্রসারী পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর সদিচ্ছার কথা বিবেচনায় নিয়ে তিনি সংশ্লিষ্ট সংসদ সদস্যকে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান।



