নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ দ্রুত বাস্তবায়নসহ তিন দফা দাবিতে রাজধানীতে ব্যাপক সমাগম ঘটিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১ম থেকে ১২তম নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশীরা। রবিবার (১৫ নভেম্বর) ‘১-১২তম এনটিআরসিএ নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষক সমিতি’র ব্যানারে জাতীয় প্রেসক্লাবের ভেতরে সংবাদ সম্মেলন এবং বাইরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা তাদের যৌক্তিক দাবিগুলো সরাসরি তুলে ধরতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ কামনা করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়িত না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি এবং গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে দ্রুত নিয়োগ দেওয়া। পাশাপাশি, গত ৯ নভেম্বর ফেসবুক লাইভে এসে একটি অনলাইন গণমাধ্যমের সম্পাদকের নিবন্ধিত শিক্ষকদের নিয়ে করা ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয় এই কর্মসূচি থেকে।
উল্লেখ্য, এর আগে গত ৮ নভেম্বর জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এনটিআরসিএ-র সর্বশেষ সিদ্ধান্ত পর্যালোচনা শেষে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছিল। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।



