বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুরোধ উপেক্ষা করে পূর্বনির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়। আগামী ২ জানুয়ারি এই গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ফলে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এই ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
রবিবার (১৫ নভেম্বর) ইউজিসিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ জানানো হয়েছিল। সভার শুরুতে ইউজিসির বিজ্ঞপ্তিতে ফেব্রুয়ারি থেকে কৃষি গুচ্ছের পরীক্ষা আয়োজনের কথা উল্লেখ থাকলেও রাতে সংশোধনী দিয়ে সেই অংশটি বাদ দেওয়া হয়। পরবর্তীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় পরীক্ষা না পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
ভর্তি পরীক্ষা সমন্বয়ের দায়িত্বে থাকা শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের পরীক্ষার তারিখ পরিবর্তন না করায় কৃষি গুচ্ছও ২ জানুয়ারিতেই পরীক্ষা নেবে। তবে সরকারি কোনো বিশেষ নির্দেশনা এলে বিষয়টি পুনরায় বিবেচনা করা হতে পারে। এবার ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়েই পরীক্ষার কেন্দ্র থাকবে এবং শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো কেন্দ্র নির্বাচনের সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার বিষয়ে তিনি জানান, আগামী ২৫ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। তবে এবার আবেদনের ন্যূনতম যোগ্যতায় কিছুটা শিথিলতা আনা হয়েছে। পূর্বে চতুর্থ বিষয় বাদে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ-৪ এবং মোট জিপিএ-৮.৫ প্রয়োজন হতো। এবার চতুর্থ বিষয়সহ উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ এবং মোট জিপিএ-৮ থাকলেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, যার ফলাফল প্রকাশিত হবে ডিসেম্বরের শেষ দিকে। যেহেতু কৃষি গুচ্ছের আবেদন ১৫ ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, তাই সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণ হলেও শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত ৯টি প্রতিষ্ঠানে ভর্তির কোনো সুযোগ পাবেন না।
শুধু কৃষি গুচ্ছই নয়, পূর্বঘোষিত সময়সূচিতে অনড় থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুয়েট এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতেও সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ভর্তির পথ বন্ধ হয়ে গেছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৯ ও ৩০ ডিসেম্বর মেরিটাইম ইউনিভার্সিটি, ৯ জানুয়ারি কুয়েট, ১০ থেকে ২১ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ১৬ জানুয়ারি বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



