এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের জন্য ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নীতিমালা-২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় এই খসড়া চূড়ান্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সভাপতিত্বে এই সভাটি পরিচালিত হচ্ছে।
প্রস্তুতকৃত খসড়া নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে, সরকার জনস্বার্থে, স্থানীয় প্রয়োজন, শিক্ষার উন্নয়ন এবং নিজেদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে দেশের যেকোনো স্থানে অবস্থিত এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে। তবে জাতীয়করণের আগে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মহাবিদ্যালয় বা বিদ্যালয়ের নিজস্ব মালিকানাধীন অন্তত ২ একর শর্তমুক্ত ও নিষ্কণ্টক জমি এবং খেলার মাঠ থাকতে হবে। উপজেলা ও সদর উপজেলা ভেদে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার্থী সংখ্যার সুনির্দিষ্ট ন্যূনতম কোটা পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।
জাতীয়করণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো শিক্ষাপ্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার সন্তোষজনক ফলাফল। খসড়া অনুযায়ী, মাধ্যমিক স্তরে পাবলিক পরীক্ষায় অন্তত ৯০ শতাংশ শিক্ষার্থীর অংশগ্রহণ এবং ৯০ শতাংশ পাসের হার থাকতে হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাসের হার ৮০ শতাংশ এবং স্নাতক পর্যায়ে ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গত ৫ বছরের পরীক্ষার ফলাফলের গড়ও মূল্যায়ন করা হবে।
প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়েছে। খসড়ার নিয়ম অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে অন্তত দুই হাজার, উচ্চ মাধ্যমিকে তিন হাজার এবং মহাবিদ্যালয়ে পাঁচ হাজার বই থাকতে হবে। এছাড়া বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য মানসম্মত ল্যাব এবং সমাবেশ, ক্রীড়া, স্কাউটিং ও বৃক্ষরোপণের মতো কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
যেসব উপজেলায় সমপর্যায়ের কোনো সরকারি প্রতিষ্ঠান নেই বা অপেক্ষাকৃত দুর্গম, চর, হাওড় ও পাহাড়ি এলাকার পুরোনো এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো জাতীয়করণে অগ্রাধিকার পাবে। এছাড়া এলাকার জনসংখ্যা, সর্বনিম্ন সরকারি প্রতিষ্ঠান থাকা, প্রতিষ্ঠানের বয়স এবং বিগত বছরের শিক্ষার্থী ও ফলাফলের ওপর ভিত্তি করে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। তবে এর জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি অবশ্যই কার্যকর থাকতে হবে।



