১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ পাননি ৯ হাজার ৮৪২ জন প্রার্থী। দ্রুত নিয়োগ ও বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপারিশবঞ্চিত এই প্রার্থীরা।

আন্দোলনকারী প্রার্থীরা জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০১৫ সালের বিধিমালার ৯(২)(খ) উপবিধি অনুসারে শূন্যপদের বিপরীতে ১৮তম নিবন্ধনে ৬০ হাজার ৬৩৪ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন, যেখানে পাসের হার ছিল মাত্র ৩ দশমিক ২৪ শতাংশ। ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ৫৩ হাজার ৩৪০ জন প্রার্থী নিয়োগের সুপারিশ পেলেও একই যোগ্যতাসম্পন্ন ৯ হাজার ৮৪২ জন এখনো নিয়োগবঞ্চিত রয়েছেন। প্রার্থীদের অভিযোগ, গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ যুক্ত না করা এবং পূর্বে সুপারিশপ্রাপ্তদের বারবার আবেদনের সুযোগ দেওয়ায় তাঁরা পরপর দুইবার বঞ্চিত হয়েছেন। ২০২৪ সালের ২৫ জানুয়ারির পরিপত্রের ৪.১ ধারা অনুযায়ী প্রতি তিন মাস পরপর গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ থাকলেও তা কার্যকর না হওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ এই প্রার্থীরা চরম সামাজিক ও মানসিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন · inarticle_1

দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে প্রার্থীরা বলেন, দাবি আদায়ে তাঁরা এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার স্মারকলিপি দেওয়ার পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছেন। গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে টানা অবস্থান কর্মসূচি চলাকালে এনসিটিবি ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়। সে সময় শিক্ষামন্ত্রী তাঁদের দাবিকে যৌক্তিক বলে স্বীকার করেন এবং এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরবর্তীতে গত ৮ জুন এক সংবাদ সম্মেলনে এনটিআরসিএর তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী পদ সংরক্ষণের ঘোষণা দিলেও গণমাধ্যম সূত্রে প্রার্থীরা জানতে পারেন যে কলেজ পর্যায়ে মাত্র ৭৫ শতাংশ পদ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাঁদের মধ্যে নতুন করে হতাশা সৃষ্টি করে।

পরবর্তী সময়ে প্রার্থীরা একসঙ্গে সবার নিয়োগ ও আনুপাতিক হারে শূন্যপদ যুক্ত করার দাবি নিয়ে শিক্ষামন্ত্রী এবং এনটিআরসিএর বর্তমান চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলে পদ সংরক্ষণের নীতি বাদ দিয়ে শিক্ষক বদলির পর দ্রুত নিয়োগের আশ্বাস দেওয়া হয়। গত ১১ আগস্ট এক সেমিনারেও শিক্ষামন্ত্রী বিষয়টি উল্লেখ করেছিলেন। তবে এনটিআরসিএ কর্তৃপক্ষ প্রার্থীদের জানিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত আদেশ না পাওয়ায় নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না। প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবস্থান কর্মসূচি থেকে তিনটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়—প্রথমত, ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা; দ্বিতীয়ত, বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ ও প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা সংগ্রহ করা; এবং তৃতীয়ত, সনদের মেয়াদ ও বয়সের সময়সীমা থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকেই নিয়োগের আওতায় নিয়ে আসা।