এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া ৪ লাখের বেশি শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো বিশেষ (সাপ্লিমেন্টারি) পরীক্ষার আয়োজন করছে সরকার। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা নিয়ে একই মাসের শেষে ফলাফল প্রকাশের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান।

উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের পরীক্ষা পেছানো হবে কি না, তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী ৪ ডিসেম্বর মেডিকেল এবং ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভর্তি পরীক্ষার তারিখ না পেছালে উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা মেডিকেলের মতো প্রতিষ্ঠানে অংশ নিতে পারবেন না। তবে জিএসটি গুচ্ছভুক্ত ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তির সুযোগ বহাল থাকবে।

সংগ্রহ করা তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ও এমআইএসটি ডিসেম্বরে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাবি ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জানুয়ারি ও মার্চে পরীক্ষা গ্রহণের সূচি নির্ধারণ করেছে।

বিশেষ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর হওয়ায় ডিসেম্বরের ভর্তি পরীক্ষাগুলোতে অংশ নেওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় ভেদে ভর্তি পরীক্ষার যোগ্যতা আলাদা হওয়ায় শিক্ষার্থীরা আদৌ পরীক্ষায় বসতে পারবেন কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয় ও ভর্তি কর্তৃপক্ষের চূড়ান্ত নির্দেশনার ওপর।


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষার্থীরা যেন ভর্তি প্রক্রিয়া থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। প্রয়োজনে ভর্তি পরীক্ষার সময়সূচি কিছুটা পিছিয়ে দেওয়া হতে পারে অথবা বিশেষ পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে।

বিজ্ঞাপন · inarticle_1

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জানিয়েছেন, মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া পরীক্ষা আটকে রাখা সম্ভব নয়। তবে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখে আসন্ন সভায় ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কি না, তা পর্যালোচনা করা হবে।