রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদন আজ ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তবে চলতি বছরের এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ ও সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পরবর্তী সাত দিনের মধ্যে নিজ যোগ্যতা অনুযায়ী আবেদনের সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি শুক্রবার ‘বি’ (বাণিজ্য) ইউনিট, ১৩ ফেব্রুয়ারি শনিবার ‘সি’ (বিজ্ঞান) ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি শনিবার ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন দুই শিফটে নেওয়া হবে; প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ব্যতিক্রম হিসেবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রাজশাহীসহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। আবেদনকালে নির্বাচিত পরীক্ষা অঞ্চল পরবর্তী সময়ে আর পরিবর্তন করা যাবে না।
ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের পাশাপাশি ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), ভোকেশনাল, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং জিসিই ও এবং এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। বিজ্ঞান শাখার ক্ষেত্রে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকা বাধ্যতামূলক। এছাড়া ও লেভেলে পাঁচটি এবং এ লেভেলে ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে, যেখানে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে অন্তত বি গ্রেড এবং তিনটিতে সি গ্রেড থাকতে হবে। ইংরেজি ভার্সন বা ও-এ লেভেলের শিক্ষার্থীরা আবেদনের সময় নির্দিষ্ট অপশন পূরণ করলে ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
নির্ধারিত শিক্ষাবোর্ডের পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে মোট ৮০টি প্রশ্নের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে; একই প্রশ্নে একাধিক উত্তর দিলেও তা ভুল হিসেবে গণ্য হবে। শিক্ষার্থীরা নিজ শাখার নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন এবং কোটায় আবেদনের ক্ষেত্রে অনলাইন নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। আবেদন ফি হিসেবে ‘এ’ ও ‘সি’ ইউনিটের জন্য ১০ শতাংশ সার্ভিস চার্জসহ ১ হাজার ৩২০ টাকা এবং ‘বি’ ইউনিটের জন্য সার্ভিস চার্জসহ ১ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনুষদভিত্তিক বিন্যাসে ‘এ’ ইউনিটের অধীনে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) অন্তর্ভুক্ত রয়েছে। ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের বিভাগগুলো রয়েছে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া পরিচয় শনাক্তের প্রয়োজনে হিজাব পরিহিত নারী পরীক্ষার্থীদের তথ্য নারী পরিদর্শকের মাধ্যমে যাচাই করা হবে এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।



