জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশ্বজুড়ে নারীদের শারীরিক স্বায়ত্তশাসন ও সম্মতির অধিকার নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে; বিশেষ করে আফ্রিকা ও আরব অঞ্চলের কিশোরী ও তরুণীরা চরম ঝুঁকিতে রয়েছেন।
বিশ্বজুড়ে নারীদের মৌলিক মানবাধিকার ও শারীরিক স্বায়ত্তশাসনের ক্ষেত্রে এক গভীর সংকটের চিত্র তুলে ধরেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। সংস্থাটির সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৈশ্বিকভাবে প্রতি চারজন নারীর মধ্যে একজন তাঁর স্বামী বা জীবনসঙ্গীর যৌন সম্পর্কের প্রস্তাবে ‘না’ বলার বা তা প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখেন না। আঞ্চলিক পরিসংখ্যানে এই পরিস্থিতি আরও ভয়াবহ; পশ্চিম ও মধ্য আফ্রিকার প্রায় ৪৫ শতাংশ নারী বিবাহিত জীবনেও নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্কে বাধ্য হন। এ ছাড়া পূর্ব ও দক্ষিণ আফ্রিকা এবং আরব অঞ্চলে এই হার ৩৩ শতাংশ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রতি ১০ জনে একজন নারী এ ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রতিবেদনটিতে অ্যাঙ্গোলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কাজাখস্তান, মালাউই, মালি, নাইজেরিয়া, তাজিকিস্তান ও জাম্বিয়া—এই আটটি দেশের তুলনামূলক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, বয়স্ক নারীদের (৪৫-৪৯ বছর) তুলনায় ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরী ও তরুণীদের যৌন সম্পর্কে অসম্মতি জানানোর সক্ষমতা আশঙ্কাজনকভাবে কম। ফলে অল্প বয়সী মেয়েরা সঙ্গীর দ্বারা শারীরিক ও যৌন সহিংসতার শিকার হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বাল্যবিবাহের প্রচলন এবং সামাজিক ক্ষমতা কাঠামোর অসমতা কিশোরীদের নিজেদের শরীরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথকে আরও সংকুচিত করে তুলছে।
আইনি দুর্বলতা ও প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি এই সংকটকে আরও প্রকট করে তুলেছে বলে মনে করেন মানবাধিকারকর্মীরা। আন্তর্জাতিক সংস্থা ‘ইকুয়ালিটি নাউ’-এর আইনজীবী জ্যঁ-পল মুরুঙ্গা এই পরিসংখ্যানকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, ২০০৩ সালে আফ্রিকান ইউনিয়ন নারীর সুরক্ষায় ‘ম্যাপুটো প্রটোকল’ গ্রহণ করলেও বাস্তবে তার প্রতিফলন সামান্যই। তাঁর মতে, বিয়ে মানেই যৌন সম্পর্কে আজীবন বা স্থায়ী সম্মতি নয়; স্বাধীন ও স্বেচ্ছাপ্রণোদিত সম্মতি ছাড়া যেকোনো যৌন সম্পর্ক—তা বিয়ের মধ্যে হলেও—স্পষ্টতই যৌন সহিংসতা। অথচ আইভরিকোস্ট, ইথিওপিয়া ও দক্ষিণ সুদানসহ আফ্রিকার অন্তত সাতটি দেশে বৈবাহিক ধর্ষণকে এখনো অপরাধ হিসেবে গণ্য করা হয় না। এমনকি গ্যাবনের মতো দেশে কোনো অপহৃত শিশুকে বিয়ে করলে, সেই বিয়ে বাতিল না হওয়া পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার সুযোগ থাকে না, যা শিশু ও কিশোরীদের চরম নিরাপত্তাহীনতায় ফেলে দিচ্ছে।
অন্যদিকে, আইনি সংস্কারের পাশাপাশি গভীরভাবে প্রোথিত সামাজিক ও সাংস্কৃতিক মানসিকতাকেও বড় বাধা হিসেবে দেখছেন মাঠপর্যায়ের কর্মীরা। সিয়েরা লিওনে কিশোরীদের নিয়ে কাজ করা সংস্থা ‘আ গার্ল অ্যাট আ টাইম’-এর প্রতিষ্ঠাতা আলিমাতু ডিমোনেকেনে জানান, আফ্রিকার সমাজে বিবাহিত জীবনে যৌন সম্মতির বিষয়টি নিয়ে এখনো কোনো খোলামেলা আলোচনাই শুরু হয়নি। অনেক ক্ষেত্রে নারীরা নিজেরাই এই নির্যাতনকে স্বাভাবিক নিয়তি হিসেবে মেনে নেন এবং নিজেদের দোষারোপ করেন। পশ্চিম আফ্রিকার প্রচলিত সমাজব্যবস্থায় বিয়ের সময় কনের পরিবারকে অর্থ বা উপহার প্রদানের প্রথার কারণে স্বামীরা মনে করেন স্ত্রীর ওপর তাঁদের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে ঘনিষ্ঠ সম্পর্ক থেকে শুরু করে পারিবারিক যেকোনো সিদ্ধান্তে স্ত্রীর মতামত বা অনিচ্ছাকে পুরোপুরি উপেক্ষা করা হয়।



