স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। এই নতুন মৃত্যুর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৩৪১ জনে।
মৃতদের মধ্যে ১ হাজার ২৩৬ জন হামের উপসর্গে এবং ১০৫ জন হাম শনাক্ত হয়ে মারা গেছেন। বিভাগীয় হিসাবে উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে, ৫৫৫ জন। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৫৯ জন এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।
গত একদিনে দেশের বিভিন্ন প্রান্তে ১ হাজার ১৮৫ জনের শরীরে হামের উপসর্গ ধরা পড়েছে এবং নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৬৯ জন, চট্টগ্রামে ২৩৪ জন, সিলেটে ১৩৩ জন, বরিশালে ১১৮ জন, খুলনায় ১১৬ জন, ময়মনসিংহে ৭৯ জন, রংপুরে ৩২ জন এবং রাজশাহীতে ২৫ জন ভর্তি হয়েছেন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৯ হাজার ৯১০ জন। চলতি বছরের সার্বিক বুলেটিন অনুযায়ী, হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৯৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ১৫ মার্চ থেকে এই রোগের হিসাব রাখলেও হাসপাতালে আসা বা বাইরে থাকা সব রোগীর পরীক্ষা না হওয়ায় প্রকৃত শনাক্তের সংখ্যা নির্ণয় করা কঠিন। এ ছাড়া অধিদপ্তরের পরিসংখ্যানে মূলত হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই অন্তর্ভুক্ত করা হয়।



